শালদহ বিলে মাছের প্রাচুর্য, তবু হুমকিতে প্রাকৃতিক সম্পদ: কেমিক্যাল দূষণ ও অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের শালদহ বিলের পানি শুকিয়ে যাওয়ায় প্রতিদিন শত শত মৎস্য শিকারি মাছ ধরতে এই বিলে ভিড় জমাচ্ছেন। বিলের পূর্ব পাশে অবস্থিত লবণ বিল একসময় ছিল মাছের প্রাচুর্যে ভরপুর। কিন্তু এখন সেখানে আশপাশের শিল্প
কারখানার কেমিক্যালযুক্ত এসিড মিশ্রিত পানির প্রভাবে মাছ তো দূরের কথা, কোনো প্রকার জলজ প্রাণীই টিকে নেই।অপরদিকে, শালদহ বিলে বর্তমানে কেমিক্যালমুক্ত পানি না থাকায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু দেশি মাছ পাওয়া যাচ্ছে। এ কারণেই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন শত শত মানুষ মাছ শিকারে নামেন। এলাকাবাসী ও মৎস্য শিকারিদের একটাই দাবি এই বিলে যেন অবৈধ কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার বন্ধ করা হয়। তাদের অভিযোগ, এইসব জালের কারণে পোনা মাছ থেকে শুরু করে ডিম ছাড়ার আগেই সব মাছ নিধন হচ্ছে। কয়েক বছর আগেও এই বিলে মানুষ খালি হাতে মাছ ধরতে পারতো, কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না। স্থানীয়রা জানান, অবৈধ জাল ব্যবহারের পাশাপাশি চারপাশের কেমিক্যালযুক্ত এসিড পানি বিলে প্রবেশ করায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে।এলাকাবাসী ও মৎস্য শিকারিদের দাবি, সরকার যেন দ্রুত ব্যবস্থা নিয়ে শালদহ বিলে কেমিক্যালযুক্ত পানির প্রবেশ বন্ধ করে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করে। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় মাছের সংরক্ষণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।