২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছভুক্ত ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক ও সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদন ও ভর্তি সংক্রান্ত সব নির্দেশনা প্রকাশ করা হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে। আজ ১৪ নভেম্বর (শুক্রবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গণ সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন। সভা শেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দেশের কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের এ উদ্যোগ সফলভাবে এগিয়ে যাবে। এটি শুধু একটি ভর্তি কার্যক্রম নয়, বরং দেশের কৃষি শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করা আমাদের জন্য যেমন সম্মান, তেমনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে। আমরা বিশ্বাস করি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এবারের কৃষিগুচ্ছেন অন্তর্ভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো ১. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষার সব তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিতভাবে হালনাগাদ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।