চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে বন অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে করেরহাট রেঞ্জে পরিচালিত অভিযানে অবৈধভাবে পাহাড়ি বালি পরিবহনকালে একটি ট্রাক আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক আসামীকে হাতেনাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।গত ১৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ৭টার সময় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করেরহাট বিট-কাম চেক স্টেশনের আওতাধীন রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্টের ঝিলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংরক্ষিত
বনের বালি স্তুপ করে অবৈধভাবে পরিবহনকালে ৫৪০ ঘনফুট বালি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ তারিকুর রহমানের নেতৃত্বে, সহকারী বন সংরক্ষক জনাব মোহাম্মদ হারুন অর রশীদের সার্বিক তত্ত্বাবধানে। অভিযানে শহর রেঞ্জ, চট্টগ্রাম ও করেরহাট বিট-কাম চেক স্টেশনের কর্মকর্তা মোঃ আলাল উদ্দীন এবং অন্যান্য স্টাফগণ অংশগ্রহণ করেন। বন অপরাধটি উদঘাটনের পর অভিযুক্ত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় বন মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ সফিকুল ইসলাম অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও অবৈধ পাহাড়ি বালি পাচার ও বনজ সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেছেন।