গাজীপুরে বনকর্মীর ওপর গাছচোরদের হামলা: কুখ্যাত চোর আলমগীর গ্রেপ্তার।
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের টহলদলকে লক্ষ্য করে গাছচোরদের বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে এক ফরেস্ট গার্ড গুরুতর আহত হয়েছেন। জানা যায়, সোমবার ভোররাতে ঢাকা বন বিভাগের গাজীপুর শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের বিট কর্মকর্তা শেখ এমদাদুল হক এর নেতৃত্বে বেলতলী ক্যাম্পের ফরেস্ট গার্ড হুমায়ুন ফারুক ও অন্যান্য স্টাফগণ গোপন সংবাদের ভিত্তিতে টহলে বের হন। এসময় তারা একটি ভ্যানগাড়ি ভর্তি গজারী গাছ আটক করেন। গাছ আটক করার পরপরই গাছচোরদের একটি দল ছেও করাত ও ধারালো অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ফরেস্ট গার্ড হুমায়ুন ফারুক গুরুতর রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বন বিভাগের সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তুলে কুখ্যাত গাছচোর আলমগীরকে হাতেনাতে আটক করে। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিট কর্মকর্তা শেখ এমদাদুল হক বলেন, বনের সম্পদ রক্ষায় আমরা নিয়মিত টহল পরিচালনা করছি। হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, বন বিভাগের কর্মকর্তারা জানান, এই ঘটনায় জড়িত অন্য গাছচোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।