লোহাগাড়ায় বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সরকারি জমি উদ্ধার। চট্টগ্রামের লোহাগাড়ায় বন বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ ও উপজেলা প্রশাসন। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাতগড় মৌজাস্থ মেহেরুন্নেছা বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগ, লোহাগাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে সরকারি বনভূমিতে অবৈধভাবে নবনির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে সরকারি জায়গায় বাড়ি নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ প্রদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন মোঃ আবীর হাসান, রেঞ্জ অফিসার, চুনতি রেঞ্জ; মোঃ মহসীন আলী ইমরান, বিট অফিসার, সাতগড় বিট, চুনতি রেঞ্জ। এছাড়াও বন বিভাগের স্টাফ ও লোহাগাড়া থানার চুনতি ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।