গাজীপুর জেলার শ্রীপুর রেঞ্জের আওতাধীন গোসিংগা বিট এলাকায় গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।বুধবার (৭ জানুয়ারি) শ্রীপুর রেঞ্জের অধীনে গোসিংগা বিটের পেলাইদ মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনভূমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় রেঞ্জ কর্মকর্তা জানান, বনভূমি রক্ষায় অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই গেজেটভুক্ত বনভূমি দখল করতে দেওয়া হবে না বলে তিনি কঠোর অবস্থানের কথা জানান। স্থানীয় এলাকাবাসী জানান, উচ্ছেদকৃত এই বাড়িটিতে দীর্ঘদিন ধরে মাদক কারবারীদের আস্তানা গড়ে উঠেছিল। এতে এলাকায় মাদক বাণিজ্য, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছিল। অবশেষে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এ বিষয়ে গোসিংগা বিট কর্মকর্তা বলেন, “আমরা অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। যেখানে বনভূমি দখলের চেষ্টা হবে, সেখানেই আমরা অভিযান পরিচালনা করব। দখলদারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাকৃতিক বন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে শ্রীপুর রেঞ্জ এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে।