গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ও পিরুজালী এলাকায় অবৈধ ইটের ভাটার দৌরাত্ম্যে বিপন্ন হয়ে পড়েছে কৃষকের স্বপ্ন ও এলাকার পরিবেশ। এসব এলাকায় গড়ে উঠেছে প্রায় শতাধিক ইটের ভাটা, যার ফলে একদিকে মারাত্মক পরিবেশ দূষণ, অপরদিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, গাছপালা ও জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, ইটের ভাটার কালো ধোঁয়ায় আশপাশের গাছগাছালিতে আগের মতো ফলন আসছে না। ধোঁয়া ও ছাইয়ের প্রভাবে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে ধান, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন। এতে কৃষকেরা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়ছেন। এলাকাবাসীরা আরও জানান, ইটের ভাটার কারণে আশপাশের বাড়িঘরের টিনের চাল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে রাতের আঁধারে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে তা ইটের ভাটায় বিক্রি করা হচ্ছে, যা পরিবেশের জন্য চরম হুমকি সৃষ্টি করছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, এসব অবৈধ ইটের ভাটা শুধু কৃষি ও পরিবেশই নয়, মানুষের জীবনযাত্রাকেও বিপর্যস্ত করে তুলছে। তারা অবিলম্বে অবৈধ ভাটা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে গাজীপুর সদরের কৃষি, পরিবেশ ও জনজীবনে দীর্ঘমেয়াদি বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী