গাজীপুরের শ্রীপুরে বনভূমি ও সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) আনুমানিক দুপুর ২টা সময়ে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের আওতাধীন টেপিরবাড়ি মৌজায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান ও সংশ্লিষ্ট বিট কর্মকর্তাবৃন্দের সহযোগিতায় টেপিরবাড়ি মৌজায় অবৈধভাবে স্থাপিত পাঁচটি করাত কলে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ করাত কলগুলো উচ্ছেদ করা হয় এবং বন আইন ও প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ করাত কলগুলো পরিবেশ ও বনসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। বন উজাড় রোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন