গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। স্থানীয় সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি নামই বেশি শোনা যাচ্ছে—সাবেক সফল সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, কর্মীবান্ধব জননেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে একজন সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে তার ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, একজন দায়িত্বশীল, সৎ এবং জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম নেতৃত্বই তারা চান। তাদের বিশ্বাস, আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এলাকার কয়েকজন সচেতন নাগরিক বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মানুষের কথা শুনবেন এবং মানুষের পাশে থাকবেন। জয়নাল আবেদীন রিজভী দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। তাই আমরা তাকে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এদিকে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি এলাকাবাসী আমাকে দায়িত্ব দেন, তাহলে ভাওয়ালগড় ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভাওয়ালগড় ইউনিয়নে এখন থেকেই রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন আরও বেগবান হবে।