শনিবার ৭ মার্চ, গাজীপুর জেলা ডেন্টাল সার্জনদের সংগঠন ডেন্টাল সার্জনস এসোসিয়েশন গাজীপুর (DSAG)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের সুবাতাসে আবারও নিশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, দেশের এই গণতান্ত্রিক উত্তরণের পেছনে অবিসংবাদিত নেতা তারেক রহমান-এর বলিষ্ঠ নেতৃত্ব ও সুদূরপ্রসারী রাজনৈতিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজীপুরে আয়োজিত এই ইফতার মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের ডেন্টাল সার্জন, চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. আলী আকবর পলান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মাহফুজুল রাহমান।প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহারুল আলম আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চললেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেমে থাকেনি। দেশের জনগণ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ পেশা এবং ডেন্টাল সার্জনরা মানুষের মৌখিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডেন্টাল চিকিৎসকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, পেশাজীবী সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে দেশের সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন সম্ভব। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও চিকিৎসকদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়