জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচার এবং ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভবানীপুর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিল চলাকালে নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং বিচারহীনতার অবসানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন। গাজীপুর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান এবং ডা. আকবর আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন এবং গণভোটের মাধ্যমে প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানবতাবিরোধী হত্যাকাণ্ডসহ আলোচিত ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। তারা দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন