সুন্দর ছিমছাম এক গ্রামের নাম কাইঞ্জানুল। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত এই গ্রাম।কাইঞ্জানুলের বুক দিয়ে বয়ে চলে গেছে পাকা রাস্তা ।যে রাস্তা দিয়ে ভাওয়াল মির্জাপুর ও কালিয়াকৈর অঞ্চলের লোকজন গাজীপুর শহরে কিংবা অন্যত্র যাতায়াত করে থাকেন। সুখ শান্তিতে ভরপুর এই এলাকাবাসীর মধ্যে এখন সুখ নেই, প্রশান্তি নেই। এই গ্রামে স্থাপিত কয়েকটি শিল্প প্রতিষ্ঠান সেই সুখ নষ্ট করে দিয়েছে। শিল্প প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, কতক শিল্প মালিকদের যত্রতত্র বাউন্ডারি নির্মাণের কারণে এই গ্রামের ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জমে থাকা পানি নিষ্কাশনের নেই কোন সুব্যবস্থা। শিল্প মালিকদের অপরিকল্পিত ভবন নির্মাণ ও বাউন্ডারি নির্মাণের কারণে এই গ্রামে জমে থাকে বৃষ্টির পানি। একটু বেশি বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে বসত ঘরে । পুরো গ্রাম হয় পানিতে সয়লাব। শত শত মানুষ আটকে থাকে জলাবদ্ধতায়। দেখা গেল, গত দুই সপ্তাহের বৃষ্টিতে এই দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রান্না ঘরে পানি, রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। সদরের মির্জাপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড এটি। স্থানীয় রাজনৈতিক নেতা ও কর্মী জসীমউদ্দীন, এমারত হোসেন, নজরুল ইসলাম সহ অনেকেই কথা বলেন এই প্রতিনিধির সাথে। তারা জানান, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকদের অদৃশ্য থাবায় এই এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে ড্রেন। যা এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই গ্রামে আটকে থাকা পানি এখন আর বাইরে যেতে পারে না। সৃষ্টি হচ্ছে দুর্দশা। গ্রামবাসী পোহাচ্ছে দুর্ভোগ। অথচ শিল্প মালিকরা সমস্যা সৃষ্টি করে চুপ হয়ে আছে। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে এগিয়ে আসে না কেউ। তারা জানান, জরুরি ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম বাচ্চু ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দদের হস্তক্ষেপ কামনা করেছে এই সমস্যা নিরসনে