বন বার্তা প্রতিবেদক, মানিকছড়ি | ২৩ ডিসেম্বর ২০২৫ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ব্যাপক অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার বাটনাতলি ইউনিয়নের মাষ্টারঘাটা ও ঢাকাইয়াশীল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত ৩২টি কয়লার চুল্লি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা (খাগড়াছড়ি বন বিভাগ) এবং মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতিজা তাহেরা। প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়ের পাদদেশে পরিবেশ আইন লঙ্ঘন করে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণ ও বন ধ্বংসের কাজ চলছিল। অভিযানে মাটির তৈরি বিশাল আকৃতির চুল্লিগুলো ভেকু দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।অবৈধভাবে কয়লার চুল্লি পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে সংশ্লিষ্ট চুল্লি মালিকদের বিরুদ্ধে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়, যা বর্তমানে মানিকছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ, রেঞ্জ কর্মকর্তা, মানিকছড়ি রেঞ্জ; নুরুল আমিন প্রধান, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি; সেনাবাহিনীর সদস্যবৃন্দ, মানিকছড়ি থানার পুলিশ সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বাটনাতলি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বনজ সম্পদ ধ্বংস রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে কয়লা উৎপাদন ও বন উজাড়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান