গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে গাজীপুর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পিরুজালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগে অংশ নেন বিএনপির ও স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর–৩ আসনের বিএনপি নেতা ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী। নেতৃবৃন্দ পিরুজালী ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তারা বলেন, দেশের সাধারণ মানুষ আজ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের ভোটের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের শক্তিতেই রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা বলে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও ভবিষ্যতের রাজনীতি করতে চাই। ধানের শীষে ভোট দিয়ে মানুষ আবারও তাদের হারানো অধিকার ফিরে পাবে। গণসংযোগকালে স্থানীয় জনগণ নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতারা এসব সমস্যার গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন।