আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলার প্রার্থীরা। বলা চলে পুরো গাজীপুর এখন নির্বাচনী জ্বরে আক্রান্ত।রোববার ৮ ফেব্রুয়ারি গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মুজিবুর রহমান স্থানীয় বেশ কটি মিলকারখানায় শ্রমিকদের সাথে মতবিনিময় করলেন। ওই সময় তিনি নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করলেন। তিনি দিলেন নানা প্রতিশ্রুতিও। শ্রমিকদের উদ্দেশ্যে ওই আসনের সফিপুর এলাকার লিজা গার্মেন্টস নামে একটি কারখানায় গিয়ে বলেন, ভোট দিয়েই ছুটিতে যাবেন। ভোটাধিকার প্রয়োগ না করে আপনারা ছুটিতে যাবেন না দয়া করে। আপনারা ছুটিতে গেলে আমার বিজয়ের বারোটা বেজে যাবে। এই আসন থেকে নির্বাচিত হলে কালিয়াকৈর এলাকায় বন্ধ হওয়া 200 টি মিলকারখানা চালু করে দেব। অসহায় ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা সহ নানান সুযোগ সৃষ্টি করে দেব। এমপি নির্বাচিত হলে সুখে-দুখে আপনাদের পাশে থাকবো।বন্ধ কারখানাগুলো চালু হলে দেশের শত শত যুবক মিলকারখানায় কর্মসংস্থানের সুযোগ পাবে। তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, নারী শ্রমিকদের নানান সমস্যার সমাধান করব । কর্মরত ৫০ লাখ শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করব। নির্বাচনকে সামনে রেখে তার বক্তব্য ছিল প্রতিশ্রুতিতে ভরপুর। ওই সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি দলীয় শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে ভালো কাজের সুযোগ করে দিব যাতে তারা স্বনির্ভর হতে পারে। কারখানায় মালিক শ্রমিকদের অসন্তোষ যেন না থাকে সেই উদ্যোগ নিব। সড়কে সড়কে লাইটিং ব্যবস্থা থাকবে, বেওয়ারিশ লাশ দাফনে দায়িত্ব নেবো। কালিয়াকৈর এলাকার বিশাল এলাকা জুড়ে বৃক্ষরোপণ অভিযান চালু করব এবং কৃষি জমি সংরক্ষণ করব। ওই সময় তার বক্তব্যে শ্রমিকদের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়া যায়। কালিয়াকৈর ডিগ্রী কলেজের সাবেক জিএস ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী বললেন, বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান। উন্নয়নে বিশ্বাসী এই প্রার্থীর রয়েছে ক্লিন ইমেজ। ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। দলীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাই প্রচারণায় সময় দিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মুজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। জনপ্রিয়তার শীর্ষে থাকায় এ আসনে তার জয়লাভের সম্ভাবনাও রয়েছে।