ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের সঙ্গে আবাসিক ভবন নির্মাণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধার জন্য ১৪ তলাবিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণের প্রকল্পের ধারণাপত্র, বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি), স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রণয়নের দায়িত্ব পালন করবে ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেস (সিআরটিএস)। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ইউজিসি যে আস্থা রেখে ডুয়েটকে এ প্রকল্পের দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই ডিপিপিসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় জানানো হয়, জি-টু-জি (G2G) পদ্ধতিতে আগামী দুই বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করে বসবাসের উপযোগী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবন নির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি ও ডুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডুয়েটের পক্ষ থেকে ইউজিসি চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।