টানা বর্ষণে গাজীপুরের ভোগড়া বাইপাস ও চৌরাস্তা এলাকায় সড়কে হাঁটুসমান পানি জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে বাস, ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ হাজারো যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। অনেক যানবাহন ধীরগতিতে চলাচল করায় মহাসড়কে যানজটেরও সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ভোগড়া বাইপাস ও চৌরাস্তা এলাকায় পানি জমে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানি নিষ্কাশন হয় না। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।