আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সেনা বাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী রায় এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক থেকে ২৭ বস্তা (প্রায় ৪০০ কেজি) অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।