গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের অর্কিড বন বিশ্রামাগারে আজ ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ফায়ার ফাইটিং ও রেসকিউ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। পুরো কার্যক্রমটি অনুষ্ঠিত হয় বিভাগীয় বন কর্মকর্তা জনাব শারমীন আক্তারের সার্বিক দিকনির্দেশনায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (সবস) জনাব রাশিদ আরিফ, সবস শাখেরা আক্তার শিমু, এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জনাব রুবিয়া ইসলামসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা। প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়দেবপুর, গাজীপুর। ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ ও ভাওয়াল রেঞ্জের অধীন বিভিন্ন বিট কর্মকর্তা, বিট কর্মচারী এবং সংশ্লিষ্ট স্টাফরা এতে অংশগ্রহণ করেন। আগামী বন আগুনের মৌসুমকে সামনে রেখে আগুন নির্বাপন, জরুরি উদ্ধার এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিষয়ে হাতে-কলমে মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। বন বিভাগ মনে করছে, এই প্রশিক্ষণ বন আগুন নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে তাৎক্ষণিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি একটি ফলপ্রসূ উদ্যোগ হিসেবে আগামী মৌসুমে ইতিবাচক প্রভাব ফেলবে।