জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড ল’র আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. নজীবুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ড. নজীবুর রহমান ছিলেন অত্যন্ত নিরিবিলি স্বভাবের মানুষ। তিনি কাজকে ধর্মীয় দায়িত্বের মতো গুরুত্ব দিয়ে দেখতেন। মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ও কর্মক্ষেত্রে অগ্রগতির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, কর্তব্যনিষ্ঠা, গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চায় বিশ্বে মুসলমানরা ছিলেন পথপ্রদর্শক।প্রফেসর ড. আমানুল্লাহ আরো বলেন, যে ধরনের সমাজ গড়ে তোলার প্রত্যাশা ছিল, তা এখনো পুরোপুরি অর্জন করা সম্ভব হয়নি। পশ্চিমা দেশগুলো একসময় মুসলমানদের কাছ থেকে সমাজ সংস্কার, জ্ঞান-বিজ্ঞান শিখেছে, অথচ বর্তমানে তারা অনেক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এ অবস্থার পরিবর্তনে জ্ঞানচর্চা ও কর্মনিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে। সভাপতির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, যিনি একসময় সবার পাশে ছিলেন, তিনি আজ আর তাঁদের মধ্যে নেই। ড. নজীবুর রহমান ছিলেন সহজ-সরল মানুষ। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনি সবাইকে সততা, ন্যায়নিষ্ঠা ও নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন বলেন, ড. নজীবুর রহমান একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমরা প্রায়ই নিজেদের একটি পরিবার বলে উল্লেখ করি। কিন্তু বাস্তবে সেই ঐক্য কতটা বজায় রাখতে পারছি, তা ভেবে দেখা প্রয়োজন। সাময়িক এই পৃথিবীতে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করা উচিত নয়।সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বেঁচে থাকতে একে অপরের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ড. আশেক কবির চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবীর এবং মরহুমের বড় ছেলে এনসিপি নেতা নাকিবুর রহমান। বক্তারা মরহুমের কর্মজীবন, ব্যক্তিগত গুণাবলি ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসভা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসেন। সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. মুহা. নজীবুর রহমান গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় মেট্রোরেলে স্ট্রোক করেন। সেখান থেকে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন