October 29, 2026, 2:11 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য

হাবিবুর রহমান

গবেষণা, উদ্ভাবন, শিক্ষার মানোন্নয়ন ও কৃষি উন্নয়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সাম্প্রতিক সাফল্য ও অগ্রগতির চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সাক্ষাৎকালে উপাচার্য জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গাকৃবির পরিচিতি ক্রমেই বাড়ছে। পাশাপাশি গবেষণা তহবিল বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নেও বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও জানান, দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ গাকৃবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপাচার্য গবেষণা ও উদ্ভাবনকে আরও শক্তিশালী করার পাশাপাশি বৈজ্ঞানিক আবিষ্কারকে কৃষকের বাস্তব চাহিদার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান খাদ্যচাহিদা পূরণে উপকূলীয় অঞ্চলের উপযোগী ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত উদ্ভাবনে চলমান গবেষণা কার্যক্রমের কথা তুলে ধরেন। কৃষি প্রযুক্তি দ্রুত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে অধিক জনবসতিপূর্ণ এলাকায় দুটি প্রযুক্তি গ্রামের স্থানান্তর ও কার্যক্রমের বৈচিত্র্য আনার পরিকল্পনার কথাও জানান উপাচার্য। এসব উদ্যোগের মাধ্যমে গবেষণাগারের উদ্ভাবনকে কৃষকের মাঠপর্যায়ের চাহিদার সঙ্গে যুক্ত করা এবং টেকসই কৃষি উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। ২০২৪ সালের জুলাই-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের যৌক্তিক প্রত্যাশার প্রতি সংবেদনশীল থাকা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সমস্যা সমাধানে অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে দেশের কৃষি খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গাকৃবি কর্তৃপক্ষকে পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আগামী ১৮ মার্চ ২০২৭ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন সভাপতি হিসেবে উপস্থিত থাকার সম্মতিও জ্ঞাপন করেন।সাক্ষাৎকালে গাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহেদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা