বন, ঢাকা ১৩ জানুয়ারি ২০২৬, দেশের বনাঞ্চল সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে প্রণীত ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়নকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনে এক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই কর্মশালায় অধ্যাদেশটির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। কর্মশালায় বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ, আইন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাদেশের বিভিন্ন ধারা ও উপধারা বিশ্লেষণ করে বাস্তব প্রয়োগের দিক, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় সংশোধনী নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনজ সম্পদ রক্ষা ও বৃক্ষ নিধন রোধে একটি শক্তিশালী ও সময়োপযোগী আইনি কাঠামো অত্যন্ত জরুরি। নতুন এই অধ্যাদেশ কার্যকর হলে অবৈধ বন উজাড় বন্ধের পাশাপাশি বন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বন অধিদপ্তর সূত্র জানায়, কর্মশালায় অংশগ্রহণকারী অংশীজনদের গঠনমূলক ও সুচিন্তিত মতামতের আলোকে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে দেশের বন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন