গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। বুধবার ২১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে ঘুড়া প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, গাজীপুর আমার বাড়ি। গাজীপুরের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আমি গাজীপুরেই থাকি, গাজীপুরেই আমার পরিচয়। আমি গাজীপুরের সন্তান। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত।নিজের রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বমূলক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি বারবার নির্বাচিত হয়ে সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একইভাবে সদর উপজেলা চেয়ারম্যান হিসেবেও একাধিকবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। এসব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করেছেন বলে জানান। তিনি দাবি করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ নয়, বরং সাধারণ জনগণের প্রত্যাশা ও ভালোবাসা থেকেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। “আমি কোনো বিশেষ মহলের প্রার্থী নই, আমি জনতার প্রার্থী। সাধারণ মানুষই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন, বলেন তিনি। আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন আরও বলেন, নির্বাচিত হলে তিনি গাজীপুর-৩ আসনকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে তার অগ্রাধিকার। তিনি গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের কাছে ঘুড়া প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।