গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই প্রচারণায় নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডল।প্রচারণাকালে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। এ সময় ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বিএনপির উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরা হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবুল কাসেম, ৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মন্ডল, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আয়নাল হক মুসুল্লী, ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এ সময় মোঃ আজহারুল ইসলাম মন্ডল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। ধানের শীষ হচ্ছে জনগণের আশা-ভরসার প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষের ভালোবাসা ও সাড়া প্রমাণ করে, আসন্ন নির্বাচনে ধানের শীষই বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রচারণাকালে স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন। নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও ভাওয়ালগড় ইউনিয়নসহ গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে