গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কিশোর রাব্বি (১৭) সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর সরকার রোড এলাকার মিতু মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কৌশলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে নিচে নামিয়ে আবারও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে রাব্বির মাথায় সুইচ গিয়ার ঢুকিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে।পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আহতের বাবা কাওসার মিয়া বলেন, ‘আমি আব্দুল্লাহপুর আড়তে দিনমজুরের কাজ করি। খবর পেয়ে এসে দেখি, আমার ছেলেকে বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। রাব্বির বোন হাবিবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওরা আমার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে। আমার ভাই বাঁচবে কি না জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি চাই। মুঠোফোনে রাব্বির মা সালমা বেগম বলেন, ‘আমার ছেলে বাঁচবে কি না জানি না। আমি এখন ঢাকা মেডিকেলে আছি , কিছু বলার মতো অবস্থায় নেই। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।