গাজীপুর সদর উপজেলায় মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে পিরুজালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন। সভাপতিত্ব করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর সেফ মাইগ্রেশন, গাজীপুরের কমিউনিটি মবিলাইজার গোলাম রাব্বি, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর সেফ মাইগ্রেশন, গাজীপুরের সেন্টার ম্যানেজার তন্ময় ধর। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় আলোচনায় মানব পাচার ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হলেও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারা বিশেষভাবে তরুণ সমাজকে সচেতন করা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।একইসাথে ইউনিয়ন পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।