গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজারে ঈদের কেনাকাটা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক সাংবাদিকের পুত্র। হামলায় গুরুতর আহত সাকিব (১৭) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মে বিকেলে সাংবাদিক মো. আব্দুল আলীর ছেলে সাকিব ঈদের কেনাকাটার উদ্দেশ্যে জয়দেবপুর বাজারে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মুন্সিপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সামির (২১) ও তার সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাকিবের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে সাকিবকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে বলে পরিবারের দাবি। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত আহত সাকিবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।
এ ঘটনায় সাকিবের পিতা সাংবাদিক মো. আব্দুল আলী গাজীপুর সদর মেট্রো থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। পরিবারের সদস্যরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন