বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় কোরআন খতম, গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই ধর্মীয় মাহফিলে অংশ নেন এতিম ও দুস্থ মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, এবং পরিচালনা করেন গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বরেণ্য আলেমগণ। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানের আয়োজকরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করে এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিল এলাকাবাসীর মাঝে এক আত্মিক আবহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং মানবকল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।