আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা ও বাসন থানার অন্তর্গত একাধিক ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি। নির্বাচনী জনসভা ও গণসংযোগে নেতৃত্ব দেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব মজিবুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলমসহ দলীয় নেতাকর্মীরা। জনসভায় বক্তব্যে জনাব মজিবুর রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি গাজীপুর-১ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য। এ সময় ডা. মাজহারুল আলম বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি স্বাস্থ্যখাতসহ দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং দলীয় প্রার্থীর পক্ষে সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন। গণসংযোগকালে নেতারা বাসন থানার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং নির্বাচনে বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, জনসভা ও গণসংযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীর অবস্থানকে আরও শক্তিশালী করেছে।