বুধবার, ২৮ জানুয়ারি গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রচারণায় নেতৃত্ব দেন ভাওয়ালগড় ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আয়নাল হক। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘরে ঘরে গিয়ে সমর্থন প্রত্যাশা করেন। নেতাকর্মীরা বলেন, গাজীপুর–৩ আসনে পরিবর্তনের প্রত্যাশায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও জনবান্ধব গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। প্রচারণা চলাকালে এলাকার সাধারণ জনগণের সঙ্গে প্রার্থীর বার্তা তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।