গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা আরও বেগবান হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক পিরুজালী ইউনিয়ন বিএনপি, ডি, এম আজহারুল ইসলাম। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। প্রচারণাকালে ডি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ধানের শীষ হচ্ছে জনগণের আশা-ভরসার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিলনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরেন। স্থানীয় ভোটাররা জানান, উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের অধিকার নিশ্চিত করতে তারা ধানের শীষ প্রতীকের পক্ষেই তাদের সমর্থন অব্যাহত রাখবেন। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরালো হচ্ছে