ঢাকা বন বিভাগের গাজীপুরের শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের বেলতলী ক্যাম্পের আওতাধীন দক্ষিণ বারতোপা এলাকায় জবরদখলমুক্ত বনভূমিতে দীর্ঘমেয়াদি সেগুন ও গর্জন বনায়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) পরিচালিত এ কার্যক্রমে ৬ নং বড় রাথুরা মৌজার সি.এস. দাগ নং ২৫০৪ ও ২৫০৬-এর আওতাভুক্ত প্রায় ১.০ একর বনভূমিতে দীর্ঘমেয়াদি বনায়নের অংশ হিসেবে সেগুন ও গর্জনের চারা রোপণ করা হয়। বন বিভাগের তথ্যমতে, উদ্ধার করা এ বনভূমির আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের অবৈধ দখলে থাকা বনভূমি পুনরুদ্ধারের পর পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদ বৃদ্ধি করতে সেখানে পরিকল্পিতভাবে সেগুন ও গর্জনের মতো মূল্যবান বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনভূমি দখলমুক্ত করার পাশাপাশি টেকসই বন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।নবসৃষ্ট এ বনাঞ্চল ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনজ সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন বিভাগ আরও জানায়, বনভূমি দখলমুক্ত ও সংরক্ষণে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বনজ সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।