গাজীপুর সদর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, দিনের বিভিন্ন সময়ে, এমনকি নামাজের সময়ও হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অনেক ক্ষেত্রে একবার বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সংযোগ ফিরে পাওয়া যায় না।ভুক্তভোগীদের দাবি, প্রতি মাসে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষ সবাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের কষ্ট আরও বেড়ে যায়। স্থানীয়দের প্রশ্ন, বিদ্যুৎ সেবার মান যদি এতটাই দুর্বল হয়, তাহলে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত বিল নেওয়ার যৌক্তিকতা কোথায়? জনগণ কি শুধু বিল পরিশোধ করার জন্য, নাকি নিরবচ্ছিন্ন সেবা পাওয়ারও অধিকার তাদের রয়েছে।সচেতন মহলের মতে, বিদ্যুৎ সরবরাহে যদি কারিগরি সমস্যা, লোড ব্যবস্থাপনা বা অন্য কোনো বাস্তব কারণ থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তা জনসাধারণকে স্পষ্টভাবে জানানো। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়িয়ে তুলছে। এ অবস্থায় সাধারণ মানুষের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ প্রকাশ করুক, সেবার মান উন্নত করুক এবং গ্রাহকদের সঙ্গে দায়সারা আচরণের পরিবর্তে জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থা গ্রহণ করুক। এখন প্রশ্ন একটাই—সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জনগণের এই দুর্ভোগ দেখছেন? নাকি নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকদের কষ্ট শুধু পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে