বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জনপ্রিয় নেত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণে পৌঁছান তিনি। পৌঁছানোর পর হাসপাতালের ইমার্জেন্সি লিফট ব্যবহার করে সরাসরি খালেদা জিয়ার কেবিনে যান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত ছিলেন। এর আগে ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট লন্ডন থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে তার রোগমুক্তি কামনায় দেশজুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করছে। ডা. জুবাইদা রহমানের এ আগমনকে নেতাকর্মীরা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।