আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে গাজীপুরে জাতীয়তাবাদী নার্সদের সংগঠন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নার্সদের অধিকার, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে
গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নার্সদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ভোটের কালি মোছার আগেই বিএনপি গণমুখী কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে শুরু করেছে। অচিরেই বাংলাদেশ উন্নয়নের দেখা পাবে, ইনশাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাব কেন্দ্রীয় সভাপতি বিলকিস জাহান, গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম এবং উপপরিচালক ডা. আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাব নেতৃবৃন্দ নাজমা আক্তার, মরিয়ম বেগম ও নাজমুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও মানবিক ও সেবামুখী করতে নার্সদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা জরুরি। নার্সদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আরতী মিস্ত্রি এবং সঞ্চালনা করেন ব্রাদার সাইফুল।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সরা অংশ নেন। অনুষ্ঠানে নার্সদের পেশাগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়নে নার্সদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।