বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৮ অক্টোবর, শনিবার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজারে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব আবু তাহের মুসল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলার এক নাম্বার সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলার আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজল হক মুসল্লী। এ সময় মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশের ন্যায়বিচার, গণতন্ত্র, ও জনকল্যাণ নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, আজ জনগণ পরিবর্তন চায়, মুক্তি চায়। সেই মুক্তির নেতৃত্বে আছেন তারেক রহমান। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আলহাজ্ব আবু তাহের মুসল্লীর বক্তব্যে তিনি বলেন, এই গণসংযোগ শুধু প্রচার নয়, এটি জনগণের সঙ্গে হৃদয়ের সংযোগ। তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনব। গাজীপুরে বিএনপির জনসমর্থন এখন আর আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি আরও বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, জনগণের সরকার গঠনে, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই আন্দোলন জনগণের আন্দোলন। কর্মসূচি শেষে নেতা-কর্মীরা জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।