বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, জ্ঞানচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দেশপ্রেম সৃষ্টি করা। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। আর কারিগরি শিক্ষা তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিতে শিক্ষাখাতকে আধুনিক, কর্মমুখী ও যুগোপযোগী করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গাজীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহানগর নেতা ও সাবেক থানা সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি মাহফুজুল হক এবং অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন করলেই হবে না, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিকতা, সৃজনশীলতা এবং দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। ডা. মাজহারুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেকে একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা অর্জন করাই শিক্ষার প্রকৃত সাফল্য। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।