পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।
মঙ্গলবার (২ জুন) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম ইমান আলীর কবর জিয়ারত উপলক্ষে স্থানীয় কবরস্থানে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, “ইমান আলী ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মী। দলের আদর্শ প্রতিষ্ঠায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা সাহসিকতার সঙ্গে বিএনপির পতাকা সমুন্নত রেখেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। মরহুম ইমান আলীর স্মৃতি আমাদের রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মন্ডল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন, বিএনপি নেতা কাসেম সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা মরহুম ইমান আলীর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।