গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজহার ইসলাম মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২০২৫, রোববার সন্ধ্যায় ভাওয়ালগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মনিপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো দেশজুড়ে ধারাবাহিকভাবে সন্ত্রাস ও নাশকতা চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। তারা বলেন, আওয়ামীলীগের মদদপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো এখনও ঐক্যবদ্ধ। দমন-পীড়ন ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানান, অবস্থান কর্মসূচিতে ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।