নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-এর ৮ জন নেতাকর্মীকে ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরা গামী সড়কের বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন। অভিযানে নেতৃত্বে ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন এবং এসআই (নিঃ) আসাদুজ্জামান, হাসনাইন আহমেদ, এএসআই (নিঃ) আরিফুজ্জামান, মোমেন মিয়া, নুর আলমসহ সঙ্গীয় ফোর্স।গ্রেফতারকৃতরা হলেন ১. মোসাঃ বীনা আক্তার (৫৬), সভাপতি, কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগ ২. আমিনুল ইসলাম (২০) ৩. আপন (১৯) ৪. অনিক (১৯) ৫. নিলয় (১৯) ৬. নাজমুল (১৯) ৭. ইয়ামিন ইসলাম (২০) ৮. সালমান (১৯)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নির্দেশে আগামী ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল। তারা পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠি-শোঠা নিয়ে রাষ্ট্র ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিকল্পনা করছিল বলে জানা গেছে। এসময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোসাঃ বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত ৩টি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।