দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে এবং ‘খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে’ গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (১৭ নভেম্বর ২০২৫) সোমবার বিকালে, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ কর্মসূচির নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লি ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসল্লী, সদর উপজেলার আহ্বায়ক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী, আহ্বায়ক সদস্য ডি. এম. আজহারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশজুড়ে ভয়াবহ নৈরাজ্য, সন্ত্রাস ও দমন-পীড়নের রাজত্ব কায়েম করেছিল। জনগণের আন্দোলনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হওয়ায় তারা এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করতে চক্রান্ত করছে। বক্তারা এই পরিস্থিতির কঠোর নিন্দা জানান এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে রাস্তা ঘেঁষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বক্তারা আরও জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে বিএনপি মাঠে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করা হবে।