র্যাব–১৪-এর অভিযানে গাজীপুর থেকে ধরা পড়ল পলাতক আসামী। ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ইয়াছিন (৩৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রিফাত মিয়া (২০)-কে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ২৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর অনুমান ১টার দিকে ধোবাউড়া থানাধীন জোকা গ্রামের সিংজানী বিলে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই সময় বাদীর ভাগ্নে ইয়াছিন বিবাদীদের বেদখল প্রচেষ্টায় বাধা দিলে আসামিরা লোহার সাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের মামি বাদী হয়ে ধোবাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ-২৫ অক্টোবর ২০২৫; ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড)। মামলা রুজুর পর থেকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় ০৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র্যাব-১৪, ময়মনসিংহ এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর-এর যৌথ অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোঃ রিফাত মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ জানায়, সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় ও হত্যাসহ সংগঠিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।