অদ্য মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিনাজপুর সামাজিক বন বিভাগের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজপুর মৌজার ৯৪৮ নং দাগে অবৈধভাবে স্থাপিত দুইটি নতুন ঘর উচ্ছেদ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা জনাব ফাহিম মাসউদ স্যারের নির্দেশনা মোতাবেক পরিচালিত এ উচ্ছেদ অভিযানে সহায়তা প্রদান করে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন জনাব তানভির ইসলাম নাহিদ, সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা (চরকাই রেঞ্জ), এবং সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ উপজেলা। অভিযান চলাকালে মধ্যপাড়া ও চরকাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। সংরক্ষিত বনভূমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ এ অঞ্চলের বন সম্পদ সংরক্ষণে নতুন উদাহরণ স্থাপন করেছে। অধিকার ভুক্ত এলাকাকে দখলমুক্ত করে বন বিভাগের নিয়মিত কাজের অগ্রগতির পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।