চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের বিশেষ অভিযানে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় অবৈধভাবে পাচারকৃত জ্বালানী কাঠবোঝাই একটি জীপগাড়ী আটক করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা সূত্রে জানা যায়, গতকাল ০৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর রেঞ্জের সহযোগী কর্মকর্তা সৈকত চৌধুরীর নেতৃত্বে একদল চৌকস বন টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০.০ ঘনফুট বিবিধ জ্বালানী কাঠবোঝাই একটি জীপগাড়ী আটক ও জব্দ করা হয়।অভিযানের সময় গাড়ির চালক দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত কাঠ ও গাড়ি নাজিরহাট সরকারি কাঠের ডিপোতে হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ জানায়, বনসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে একটি বন মামলা দায়ের করা হয়েছে।