গাজীপুর, বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) চালু করা হয়েছে আধুনিক ডিজিটাল ভেন্ডিং মেশিন। বৃহস্পতিবার বিকেল ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি)-এ উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান মেশিনটির উদ্বোধন করেন। উদ্বোধনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্মার্ট সেবা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি ছিল উৎসবমুখর। উদ্বোধন শেষে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থানে এবং আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। এই ভেন্ডিং মেশিন সেই ধারাবাহিকতারই অংশ, যা স্মার্ট ক্যাম্পাস গঠনের যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। তিনি আরও জানান, আগামী ১২-১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে গাকৃবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ৮টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিশ্বের ৫টি দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শিগগিরই এ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসবেন বলেও তিনি জানান। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে উপাচার্য বলেন, খুব শিগগিরই প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিন, ডে-কেয়ার সেন্টার ও মেয়েদের জন্য বিউটি পার্লার স্থাপন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। তারা জানান, বিশ্ববিদ্যালয়ে এমন আধুনিক উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।