বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে, ওসি গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় কারাগারে থাকা দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ এর ম্যাজিস্ট্রেট জনাব মো. আলমগীর হোসেন ওই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কুদ্দুস আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলে আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, কড়ইতলা গ্রামের কবির ওরফে ফরমা কবির (৩ নম্বর আসামি) এবং কবির হোসেন (৫ নম্বর আসামি)। বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান সরকার প্রদীপ বলেন, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও ঘটনার মূল পরিকল্পনাকারীদের শনাক্তে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।মামলার বিবরণ ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার কেন্দ্রীয় মসজিদ গলিতে ‘রিতা জুয়েলার্স’ নামের দোকানটিতে লুটপাট চালানো হয়। দোকান বন্ধ থাকলেও স্থানীয় ব্যবসায়ী সুব্রত দাস ও পায়েল সরকারের নেতৃত্বে ২০–২৫ জন যুবক দোকানের সাইনবোর্ড খুলে ভেতরে ঢুকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দোকান মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস শ্রীপুর থানায় একটি মামলা করেন। এতে মোট ছয়জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।ভুক্তভোগী ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, দিনদুপুরে পরিকল্পিতভাবে আমার দোকানে হামলা হয়েছে। পুলিশের দ্রুত তৎপরতায় কিছুটা স্বস্তি পেলেও যারা মূল হোতা, তাদেরও গ্রেপ্তার চাই। সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটাতে কেউ সাহস পাবে না।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।