কি করে বলো পাইবো তোমাকে রাখিবো আঁখিতে আঁখিতে — কবিগুরোর এই চরণটি অনিন্দ্য সুন্দর ও প্রেমময়।এ মন শত শত পংক্তিমালা বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ।তার হাজারো কবিতা আর গান আমাদের জন্য অশেষ এক দান। রবি ঠাকুরের কুঠিবাড়ি, জোড়াসাঁকোর, শান্তিনিকেতন এখন কেবল দুর্লভ স্মৃতি। রবীন্দ্র প্রেমী আমার এক গুণী বন্ধু নাইমা খানম শান্তিনিকেতন ঘুরে এসে প্রশান্তি পেয়েছে। শান্তিনিকেতনের নিবিড় পরিবেশ, পাখি ডাকা ও ছায়া ঘেরা পরিবেশ দেখে বিমুগ্ধ হয়েছে।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধু নাইমা খানমের স্মৃতিমুখর ও সুন্দর অভিব্যক্তি তুলে ধরছি। আমার আরেক বন্ধু রবীন্দ্রভক্ত শিয়ালদহের ডলি বিশ্বাসের প্রেমময় সুর ও কথামালা পরবর্তী পর্বে তুলে ধরব পড়ুন, সংস্কৃতিমনা ও গুণী বন্ধু নাইমা খানমের লেখা , বিশ্বকবির জন্মতিথিতে শান্তিনিকেতন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভ্রমণকে স্মরণ করছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শান্তিনিকেতন: শান্তিনিকেতনের লালমাটির পথে হাঁটতে হাঁটতে যেন বারবার ফিরে গেছি বাংলা সাহিত্য, শিল্প আর মানবতার এক অনন্ত আলোকভুবনে। বিশ্বকবি Rabindranath Tagore এর স্মৃতিধন্য আশ্রমপ্রাঙ্গণে তাঁর ব্যবহৃত চারটি ঐতিহাসিক বাড়ি ঘুরে দেখবার সৌভাগ্য আমার ভ্রমণজীবনের এক অনন্য প্রাপ্তি হয়ে রইল। প্রতিটি বাড়ির দেয়াল, বারান্দা, জানালা আর নিস্তব্ধ আঙিনা যেন আজও বহন করে চলেছে কবির পদচিহ্ন, চিন্তা ও সৃষ্টির মায়াময় অনুরণন। শান্তিনিকেতনে অনুষ্ঠিত রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে কলকাতার সাহিত্যসংগঠন শ্রুতি রূপকথার সম্পাদক সোমা মুখোপাধ্যায়ের আমন্ত্রিত অতিথি হয়ে তাদের সাথে গিয়ে প্রথমেই দেখলাম ‘উদয়ন’। উত্তরায়ণ কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ এই বাড়িটি। স্থাপত্যশৈলীর দিক থেকে এটি অত্যন্ত বৈচিত্র্যময় ও নান্দনিক। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যরীতির এক অপূর্ব সংমিশ্রণ যেন উদয়নের প্রতিটি ইট-পাথরে ফুটে উঠেছে। শোনা যায়, জীবনের বিভিন্ন সময়ে কবি এখানে অবস্থান করেছেন এবং বহু গুরুত্বপূর্ণ অতিথিকেও এই বাড়িতে আপ্যায়ন করা হতো। প্রশস্ত বারান্দা ও নীরব পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল, এখানেই হয়তো কোনো এক বিকেলে কবি লিখেছেন তাঁর অমর কোনো গান কিংবা ভাবনার ডানা মেলেছে নতুন কোনো কবিতায়। এরপর ঘুরে দেখলাম ‘কোণার্ক’। তুলনামূলকভাবে ছোট হলেও বাড়িটির সৌন্দর্য অত্যন্ত মাধুর্যময়। শান্ত, স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই বাড়িটি কবির ব্যক্তিগত নিভৃতচিন্তার আবাস ছিল বলেই মনে হলো। চারপাশের সবুজ প্রকৃতি ও লালমাটির আবহ এক ধরনের গভীর শিল্পসৌন্দর্যের জন্ম দেয়, যা শান্তিনিকেতনের নিজস্ব আত্মাকে বহন করে। শ্যামলী’ ছিল আমার কাছে সবচেয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা। মাটির তৈরি এই বাড়িটি যেন প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। রবীন্দ্রনাথ প্রকৃতিকে কত গভীরভাবে ভালোবাসতেন, শ্যামলীর দেয়াল স্পর্শ করলেই তা অনুভব করা যায়। সরল অথচ শিল্পসমৃদ্ধ নির্মাণশৈলী মনে করিয়ে দেয়- আড়ম্বর নয়, সৌন্দর্যের আসল শক্তি নিহিত থাকে স্বাভাবিকতায়। সবশেষে দেখলাম ‘পুনশ্চ’। নামের মধ্যেই যেন আছে ফিরে আসার আকুতি। বাড়িটির খোলা পরিবেশ, আলো-বাতাসের অবাধ প্রবাহ এবং নিসর্গের সঙ্গে মিশে থাকা স্থাপত্য এক ধরনের প্রশান্তির অনুভূতি এনে দেয়। জানা যায়, জীবনের শেষ পর্বে কবি এখানে সময় কাটাতে ভালোবাসতেন। সেই নিস্তব্ধতা আজও যেন তাঁর সৃষ্টিশীল মননের সাক্ষ্য বহন করে চলেছে।শান্তিনিকেতন কেবল একটি ভ্রমণস্থান নয়; এটি এক অনুভূতির নাম, এক সাংস্কৃতিক সাধনার নাম। এখানে এলে বোঝা যায়, কেন রবীন্দ্রনাথ প্রকৃতিকে শিক্ষার সবচেয়ে বড় সহচর মনে করতেন। লালমাটির পথ, ছায়াঘেরা বৃক্ষ, খোলা আকাশ আর কবির স্মৃতিবিজড়িত বাড়িগুলো মিলিয়ে এই ভ্রমণ আমার হৃদয়ে এক অনির্বচনীয় আবেগের জন্ম দিয়েছে। এই সফর যেন শুধু একটি স্থান বা বাড়ি দেখা নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির আত্মার আরও একটু কাছে পৌঁছে যাওয়ার এক গভীর, নীরব এবং আলোকময় অভিজ্ঞতা লাভ করেছি।জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: কলকাতার ব্যস্ত নগরজীবনের মাঝখানে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব ঠিকানা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বহুদিনের ইচ্ছা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী বাড়িটি ঘুরে দেখার। অবশেষে একবার নয়, বেশ কয়েকবার সেখানে যাওয়ার সুযোগ পেয়ে যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের ভেতর প্রবেশ করলাম। লাল রঙের বিশাল অট্টালিকা, সবুজ জানালা আর ঔপনিবেশিক স্থাপত্যের নান্দনিকতা প্রথম দেখাতেই মনকে মুগ্ধ করে দেয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মূলত ঠাকুর পরিবারের পৈতৃক বাসভবন। এখানেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে এটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অংশ এবং একটি জাদুঘর হিসেবেও পরিচালিত হচ্ছে। বাড়ির প্রতিটি অংশেই ছড়িয়ে আছে রবীন্দ্রনাথের স্মৃতি, শিল্পচর্চা ও বাঙালির নব জাগরণের ইতিহাস। প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল আঙিনা ও দীর্ঘ বারান্দা। চারপাশে সারিবদ্ধ কক্ষগুলো যেন একেকটি ইতিহাসের পাতা। জাদুঘরের ভেতরে সংরক্ষিত রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র, লেখার টেবিল, পোশাক, বিভিন্ন আলোকচিত্র, চিঠিপত্র ও তাঁর আঁকা ছবির প্রতিলিপি। একটি কক্ষে কবির শৈশব, অন্য কক্ষে তাঁর সাহিত্যজীবন ও নোবেল পুরস্কার লাভের নানা স্মারক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ঠাকুরবাড়ির ভেতরে “বিচিত্রা ভবন” বিশেষভাবে আকর্ষণীয়। এখানে রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি, বিরল বই ও নানা ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। এছাড়া পরিবারের অন্যান্য গুণী সদস্য যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-এর স্মৃতিচিহ্নও সেখানে স্থান পেয়েছে। পুরো পরিবেশটিতে যেন শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক গভীর আবহ বিরাজ করছে। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছিল, হয়তো কোনো এক বিকেলে এখানেই কবি হেঁটেছেন, লিখেছেন তাঁর অমর কবিতা কিংবা সুর তুলেছেন কোনো গান। চারপাশের নীরবতা ও ঐতিহাসিক আবহ মনকে এক অনির্বচনীয় অনুভূতিতে ভরিয়ে তোলে। মনে হচ্ছিল, শুধু একটি স্থাপনা নয়—এ যেন বাঙালির আত্মপরিচয়ের এক মহামূল্যবান স্মারক। যতবার কলকাতায় যাওয়া হয় বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানের আমন্ত্রণে,সূযোগ পেলেই ছুটে যাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দর্শনে। এখানে ভ্রমণ মানে শুধু দর্শন নয়, বরং ইতিহাস, সাহিত্য ও শিল্পচেতনার সঙ্গে এক গভীর আত্মিক সংযোগের অভিজ্ঞতা। এই ভ্রমণ অভিজ্ঞতা দীর্ঘদিন স্মৃতিতে বহমান, ঠিক যেমন রবীন্দ্রনাথের সৃষ্টি চিরকাল বাঙালির হৃদয়ে অমলিন ।