কাছে থেকে দেখলাম রয়েল বেঙ্গল টাইগার। দেখলাম সিংহ। বিরল প্রজাতি প্রাণী দেখে জুড়িয়ে গেল মনটা।গাজীপুর সাফারি পার্ক এর ভিতরে এমন মন্তব্য করলেন ভালুকা থেকে আসা পার্ক দর্শনার্থী মোবারক হোসেন । দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি ভালুকার গ্রাম থেকে এসেছেন এই সাফারি পার্কে। মোবারক এর মত হাজারো মানুষের পদ্মচারণায় মুখরিত গাজীপুর সাফারি পার্ক। ঈদের পরবর্তী সময়টুকু আনন্দঘন পরিবেশে কাটাতে সপরিবারে অনেকেই এসেছেন। দর্শনার্থীরা দুইদিন ধরে আসছেন এই পার্কে। এই চিত্র দেখা গেল গত শনিবারের। পার্ক কর্তৃপক্ষ সতর্কতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছেন । দেশের দূরদূরান্ত থেকে আগত লোকজন দেখছেন জলহস্তি ,বানরের দল, নানান পাখি, বক ,সারস, শালিক, ঘুঘু, কুমিরসহ নানান পাখি ও প্রাণী। হরিণের ছোটাছুটি তো থাকছেই। দুপুরের পরপর খবর নিয়ে জানা যায় পার্ক কর্তৃপক্ষ ৪ লাখ টাকার টিকেট বিক্রি করেছে দর্শনার্থীদের নিকট। দিনশেষে তা আরো বাড়বে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে এবার ব্যাপক সাড়া মিলছে দর্শনার্থীদের কাছ থেকে। ঈদের দিন বিকেল বেলা থেকেই খুলে দেওয়া হয়েছে সাফারি পার্ক। প্রতিদিন সকাল নয় টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত থাকে উপচে পড়া ভিড়। রাজধানীর নানা প্রান্ত থেকে বাসযোগে কিংবা প্রাইভেট কারে আসছেন এই সাফারি পার্কে। বিশাল আয়তনের এই সাফারি পার্ক ঘুরে ঘুরে দর্শনার্থীরা ফিরছেন নিরাপদে, মুগ্ধতা নিয়ে।