টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক অবৈধ করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ফলে কিছু চিহ্নিত কাঠ ব্যবসায়ী টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় নতুন করে অবৈধ করাতকল স্থাপন করছে—এমন সংবাদের ভিত্তিতে গত ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে টাঙ্গাইল বন বিভাগ ও ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে রসূলপুর রেঞ্জাধীন সদর বিট এলাকায় অবস্থিত একটি অবৈধ করাতকলের বিরুদ্ধে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লুবনা আহমেদ লুনা। অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগের জাতীয় উদ্যান সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক জনাব মো. রাব্বি রায়হান, ময়মনসিংহ বন বিভাগের রসূলপুর রেঞ্জের রেঞ্জ অফিসার জনাব মোকরুল ইসলাম আকন্দসহ টাঙ্গাইল ও ময়মনসিংহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জ ও বিটের কর্মকর্তারা। অভিযান চলাকালে রাজাবাড়ী বাজার সংলগ্ন কাঠবওলা এলাকায় জনাব ভাসানী আকন্দ পরিচালিত একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এ সময় করাতকল থেকে চেইন, হুইল, প্লেট, জেনারেটর, ব্লেডসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ করাতকলের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তারা পুনর্ব্যক্ত করেন। স্থানীয় পরিবেশ সচেতন মহল বন বিভাগের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান এবং কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি।