গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি দেখে প্রাথমিকভাবে এটি ফোরকান মোল্লার বলে শনাক্ত করেন। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের ডাকা হলে তারা এটি ফোরকান মোল্লার বলে শনাক্ত করেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার এসআই যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি ফোরকান মোল্লার বলে শনাক্ত করা হয়েছে।উল্লেখ্য, গত ১০ মে গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফোরকান মোল্লাকে প্রধান সন্দেহভাজন হত্যাকারী হিসেবে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকারী ফুরকানের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এলাকাবাসী বলছেন, প্রধান সন্দেহভাজন ফুরকানকে জীবিত না পাওয়ায় নির্মম হত্যাকান্ডের ওই ঘটনা রহস্যাবৃত থেকে গেলো।